মাত্র ২০ হাজার টাকায় সৌদি প্রবাসীরা ফিরে আসবেন বাংলাদেশে

image 267

প্রবাসী বাংলাদেশিদের সুবিধা বিবেচনা করে সরকার একটি বিশেষ উদ্যোগ নিয়েছে, যাতে সৌদি আরব থেকে দেশে ভাড়া সাশ্রয়ী মূল্যে ফিরতে পারা সম্ভব হবে। এই উদ্যোগের আওতায় সৌদি আরব–বাংলাদেশ রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ২০,৫০০ টাকা।

শুক্রবার (৩০ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই ব্যবস্থার অধীনে মোট ৮০,০০০ টিকিট বিক্রির লক্ষ্য ধরা হয়েছে। এর ফলে প্রবাসীরা সাশ্রয়ী ভাড়া দিয়ে দেশে আসতে পারবেন, আর রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও আর্থিকভাবে লাভবান হবে।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, বিশেষভাবে হজ ফ্লাইট পরিচালনায় পূর্বে যে একমুখী ফাঁকা ফ্লাইটের চর্চা ছিল, তা এখন কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে। এ উদ্যোগের ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথমবারের মতো ১০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত আয় অর্জনের সুযোগ পাবে।

তিনি আরও জানান, মদিনা–ঢাকা ও জেদ্দা–ঢাকা রুটে একমুখী টিকিটের সর্বনিম্ন ভাড়া ২০,৫০০ টাকা, এবং রিটার্ন টিকিটের সর্বনিম্ন ভাড়া মদিনা–ঢাকা–মদিনা ও জেদ্দা–ঢাকা–জেদ্দা রুটে ৪২,০০০ টাকা। বাংলাদেশে আগমনের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া কার্যকর থাকবে ১৮ এপ্রিল ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত এবং বাংলাদেশ থেকে ফেরার ক্ষেত্রে ৩০ মে ২০২৬ থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এই উদ্যোগকে প্রবাসীবান্ধব নীতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করে শেখ বশিরউদ্দীনের প্রচেষ্টার প্রশংসা করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে এমন বাস্তবমুখী সিদ্ধান্ত প্রবাসী বাংলাদেশিদের জীবনযাত্রা সহজ করবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

প্রধান উপদেষ্টা আরও সতর্ক করেন, অতীতে প্রবাসীদের সুবিধার জন্য যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, সেগুলো সঠিক পরিচর্যার অভাবে কার্যকর হয়নি। তাই এই উদ্যোগ নিশ্চিত করতে হবে যাতে এটি শতভাগ ফলপ্রসূ হয়।