
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রচারণায় অংশ নেওয়ার সময় দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর নারী নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়া হলেও পরে জামায়াতের মহিলা শাখা সেই কর্মসূচি স্থগিত করেছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় দলের মহিলা শাখার ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এই স্থগিতের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নতুন কর্মসূচির সময়সূচি পরে জানানো হবে।
আগে জানানো হয়েছিল, ৩১ জানুয়ারি (শনিবার) সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ইতিহাসে প্রথমবার নারী সংগঠনের নেতা-কর্মীরা প্রকাশ্যে এমন প্রতিবাদ কর্মসূচি নিতে বাধ্য হয়েছেন।
ডা. তাহের মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানান, যদি দাবি-দাওয়ায় কোনো অগ্রগতি না আসে, তাহলে ভবিষ্যতে মহিলা শাখা আরও কঠোর কর্মসূচি নিতে পারে। এছাড়াও, পরিস্থিতি অনুযায়ী ১১ দলীয় জোটের পক্ষ থেকেও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে।