
২০৩০ বিশ্বকাপের ফাইনাল হবে স্পেনে
২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির পর এবার ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালের ভেন্যু নিশ্চিত করা হয়েছে। স্পেন ফাইনালের আয়োজক দেশ হবে। সোমবার (২৬ জানুয়ারি) স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) সভাপতি রাফায়েল লুজান এই তথ্য নিশ্চিত করেছেন।
২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, মরক্কো ও পর্তুগালের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। ফাইনালের ভেন্যু নিয়ে কিছুদিন ধরে মরক্কো ও স্পেনের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তবে লুজান স্পষ্ট করেছেন, ফাইনাল স্পেনে অনুষ্ঠিত হবে।
যদিও কোন স্টেডিয়ামে ফাইনাল হবে তা এখনও চূড়ান্ত হয়নি। স্প্যানিশ গণমাধ্যমের দাবি অনুযায়ী, ফাইনাল হতে পারে রিয়াল মাদ্রিদের ‘সান্তিয়াগো বার্নাব্যু’ স্টেডিয়ামে অথবা বার্সেলোনার নবনির্মিত ‘ক্যাম্প ন্যু’ স্টেডিয়ামে। মরক্কো তাদের নির্মাণাধীন ‘হাসান টু’ স্টেডিয়াম-কেও প্রার্থী হিসেবে বিবেচনা করেছিল। ২০২৮ সালে কাজ শেষ হলে এটি বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম হবে, যার ধারণক্ষমতা ১ লাখ ১৫ হাজার।
২০৩০ সালের বিশ্বকাপ হবে ফুটবলের শতবর্ষ উদযাপনের অংশ। মূল আয়োজক দেশগুলো হবে স্পেন, পর্তুগাল ও মরক্কো, তবে উদ্বোধনী এবং বিশেষ কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।