
বাংলা সিনেমার সোনালী যুগের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর আজ বুধবার (২১ জানুয়ারি) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান সংবাদমাধ্যমকে জানান, “জাভেদ ভাই দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আজ চিরবিদায় নিয়েছেন। সবাই তাঁর আত্মার শান্তির জন্য দোয়া করবেন।”
জাভেদ শুধু ক্যানসার নয়, হার্টের সমস্যায়ও ভুগছিলেন। এর আগে তিনি দুইবার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।
১৯৬৪ সালে উর্দু ছবি ‘নয়ী জিন্দেগি’ দিয়ে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন জাভেদ। তবে ১৯৬৬ সালে ‘পায়েল’ ছবির মাধ্যমে তিনি দর্শকের মন জয় করেন; এতে তার নায়িকা ছিলেন শাবানা।
অভিনয়ের পাশাপাশি তিনি নৃত্য পরিচালক হিসেবেও খ্যাতি অর্জন করেছিলেন। আসল নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক হলেও পরবর্তীতে তিনি শতাধিক ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেন। ‘নিশান’ চলচ্চিত্রের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।
জাভেদ ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের পেশাওয়ারে জন্মগ্রহণ করেন। পরে পরিবারের সঙ্গে পাঞ্জাবে চলে আসেন। ১৯৮৪ সালে চিত্রনায়িকা ডলি চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।