
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে আগুন, আতঙ্ক ছড়ালো
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ক্যাম্পের ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি লার্নিং সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, মুহূর্তের মধ্যে আগুন পাশের শেড ও আশেপাশের স্থাপনায় ছড়িয়ে পড়ে। বাঁশ, ত্রিপল ও দাহ্য সামগ্রী দিয়ে তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে।
উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেছে। পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘর ছেড়ে বের হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
উল্লেখ্য, গত ৮ বছরে রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ২০–৩০ বার আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ হাজারের বেশি ঘর পুড়ে ছাই হয়েছে এবং বহু রোহিঙ্গা হতাহত হয়েছেন। ঘনবসতি, অপরিকল্পিত অবকাঠামো ও পর্যাপ্ত অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঝুঁকি ক্রমশ বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।