
সিরাজগঞ্জে নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ, মা ও নানী পলাতক
সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নবজাতককে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার মা জান্নাতুল ফেরদৌস এবং নানীর বিরুদ্ধে। ঘটনা ঘটেছে পোরজনা ইউনিয়নের বাচড়া ভুতের দিয়ার গ্রামে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতের দিকে জান্নাতুল ফেরদৌস একটি কন্যাসন্তান প্রসব করেন। পরে নবজাতককে হত্যা করে বাড়ির টয়লেটে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়। ভোরের দিকে শিশুটির মরদেহ গোপনে মাটিচাপা দেওয়ার চেষ্টা করলে বিষয়টি প্রতিবেশীদের নজরে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানান, খবর ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত মা ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে।
জানাযায়, জান্নাতুল ফেরদৌসের স্বামী করীম মণ্ডলকে এক বছর আগে বিবাহ হয়। ৬ মাস সংসারের পর বনিবনা না হওয়ায় তিনি স্বামীর কাছ থেকে বিচ্ছেদ নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন। অভিযোগ আছে, গর্ভের বিষয়টি পরিবার গোপন রাখে।
শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। শিশুটির মা নুরজাহান হাসপাতালে ভর্তি হওয়ায় পুলিশ তাকে পাওয়া যায়নি। নবজাতকের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হত্যার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।