
ব্যাংক হলিডে: আগামীকাল দেশের সব ব্যাংক ও পুঁজিবাজার বন্ধ
ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহক লেনদেন বন্ধ রাখবে। একই কারণে দেশের প্রধান দুই স্টক এক্সচেঞ্জ—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও লেনদেন স্থগিত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের ছুটির তালিকা অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বরকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে নির্ধারণ করা হয়। এ দিনে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা এবং বার্ষিক হিসাবনিকাশ সম্পন্ন করার জন্য ব্যাংক গ্রাহক লেনদেন বন্ধ রাখে। তবে অভ্যন্তরীণ দাপ্তরিক কাজ চলমান থাকে।
এই সময় ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকতে পারে, কিন্তু গ্রাহকরা কোনো লেনদেন করতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকও ব্যাংক ও গ্রাহকের সঙ্গে কোনো লেনদেন পরিচালনা করবে না। তবে নির্ধারিত সীমার মধ্যে গ্রাহকরা এটিএম ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।
পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার নিষ্পত্তি ব্যাংকের মাধ্যমে হয়, তাই ব্যাংক বন্ধ থাকায় শেয়ারবাজারেও লেনদেন স্থগিত থাকবে। তবে এই দিনে ডিএসই ও সিএসই-র দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।