বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে: ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

image 250

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় মেরুকরণ লক্ষ্য করা যাচ্ছে, যেখানে একপাশে কয়েকজন মানুষ আর অন্যপাশে পুরো দেশ।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব মন্তব্য করেন।

ডা. তাহের বলেন, এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য লক্ষ্যণীয়। প্রথম, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। দ্বিতীয়, বিএনপি রাজনৈতিকভাবে একা হয়ে পড়েছে। তৃতীয়, যারা রাইটিস্ট ও ২৪ জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন, তারা এখন সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ। এমন পরিস্থিতি আগে কখনও ঘটেনি। তাই বলা যায়, একদিকে কয়েকজন মানুষ এবং কয়েকটি দল, অন্যদিকে সারা বাংলাদেশ—এভাবে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, যারা পূর্বে বলেছিল নির্বাচন হবে না, তাদের ষড়যন্ত্র প্রাথমিকভাবে আজকে ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং জনগণ শান্তিপূর্ণভাবে তাদের কাঙ্ক্ষিত ভোট প্রদান করতে সক্ষম হবে।