হাদি হত্যায় ভারতকে অভিযুক্ত করে বিশ্বজুড়ে শিখ বিক্ষোভ

image 223

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা ওসমান হাদিকে হত্যার দায়ে ভারতকে অভিযুক্ত করে বিশ্বজুড়ে বিক্ষোভ করেছে শিখ সম্প্রদায়। শিখ ফর জাস্টিস (এসএফজে) নামে একটি সংগঠন এই বিক্ষোভের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার টরন্টো ও ভ্যানকুভার, ইতালির মিলান এবং অস্ট্রেলিয়ার মেলবোর্নে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সংবাদমাধ্যম কালিবার জানায়, বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাদের নেতা হারদ্বীপ সিং নিজ্জার এবং ওসমান হাদির হত্যার পেছনে ভারতের হাত রয়েছে। তারা দাবি করেন, উভয়েই ভারতের বিরোধিতা করতেন এবং এজন্যই হত্যা করা হয়েছে।

গত বুধবার হওয়া বিক্ষোভের মূল উদ্দেশ্য ছিল শিখ নেতাদের ওপর ভারত সরকারের দমন ও নিপীড়ন সম্পর্কে বিশ্ববাসীকে সচেতন করা।

২০২৩ সালে কানাডার ব্রাম্পটনে হারদ্বীপ সিং নিজ্জারকে গুলি করে হত্যা করা হয়। শিখ সম্প্রদায়ের অভিযোগ, এই হত্যাকাণ্ডের সঙ্গে ভারত সরকার জড়িত ছিল। নিজ্জারের হত্যা ভারতের ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কেও তিক্ততা সৃষ্টি করেছিল।

ভারতের পাঞ্জাব রাজ্য মূলত শিখ অধ্যুষিত। শিখরা সেখানে আলাদা স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা রাখে এবং প্রবাসী শিখরা বিশ্বব্যাপী এই লক্ষ্যে সক্রিয় ভূমিকা পালন করে থাকে।