হাদি হত্যা তদন্তে বাংলাদেশ হাইকমিশনারকে ডেকেছে ভারত

image 221

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে ভারত। এ বিষয়ে বার্তা দিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লিতে অবস্থিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ–মিয়ানমার বিভাগপ্রধান ও যুগ্ম সচিব বি. শ্যাম তাকে জানান, বাংলাদেশি ছাত্রনেতা শরিফ ওসমান হাদির সাম্প্রতিক হত্যাকাণ্ডের সঠিক, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।

বিষয়টি সম্পর্কে অবগত সূত্রগুলো জানায়, ভারতীয় পক্ষ স্পষ্টভাবে বলেছে—তদন্ত শেষ হওয়ার আগেই হাদির মৃত্যুর জন্য ভারতকে দায়ী করা সঠিক নয়। ভারতীয় এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা নির্ধারণে স্বচ্ছ ও বিস্তারিত তদন্ত হওয়া জরুরি।

সূত্রগুলোর দাবি, হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে বাংলাদেশে যে বিক্ষোভ হয়েছে, তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনে হামলার চেষ্টা চালানো হয়।

এদিকে সাম্প্রতিক এসব ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশ একে অপরের কূটনীতিকদের তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

এর আগে মঙ্গলবার সকালে ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেন। এ সময় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বাইরে সংঘটিত ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ এবং শিলিগুড়িতে একটি ভিসা সেন্টারে ভাঙচুরের ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়।