ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ প্রস্তাব ইতামারের

image 220

দখলদার ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ নির্মাণের প্রস্তাব দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থি নেতা ইতামার বেন-গভির। তাঁর দাবি, এমন ব্যবস্থা নিলে কোনো বন্দিই পালানোর সাহস করবে না। খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।

রোববার (২১ ডিসেম্বর) ইসরাইলের স্থানীয় চ্যানেল ১৩ জানায়, ইসরাইল প্রিজন সার্ভিস এই ‘অস্বাভাবিক প্রস্তাব’ পর্যালোচনা করছে। প্রস্তাব অনুযায়ী, কারাগারের চারপাশে কুমির রেখে পালানোর সব সম্ভাবনা নিয়ন্ত্রণে আনা হবে।

প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে বেন-গভির এ প্রস্তাবটি ইসরাইলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়াকোবির কাছে উপস্থাপন করেন। প্রস্তাবিত কারাগারটি দেশটির উত্তরের হামাত গাদার এলাকায় স্থাপন করা হতে পারে, যা দখলকৃত সিরিয়ার গোলান উচ্চভূমি ও জর্ডান সীমান্তের কাছাকাছি। ওই এলাকায় ইতোমধ্যেই একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে।

এদিকে, একই সঙ্গে বেন-গভির ইসরাইলি পার্লামেন্ট কনেসেটে একটি বিল অনুমোদনের উদ্যোগ নিয়েছেন। বিলটি পাস হলে ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা তাতে অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান যুক্ত হবে।

১১ নভেম্বর বিলটি প্রথম পাঠে অনুমোদন পেয়েছে। আইন হিসেবে কার্যকর হতে হলে দ্বিতীয় ও তৃতীয় পাঠ অতিক্রম করতে হবে। বর্তমানে ইসরাইলের কারাগারগুলোতে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন ও চিকিৎসা অবহেলার অভিযোগ বেড়েছে। এমন প্রেক্ষাপটে বেন-গভিরের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।