
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এন নাসির উদ্দিন। আগামীকাল রোববার এ বৈঠক অনুষ্ঠিত হবে। একই দিন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও আলাদা বৈঠকে বসবেন তিনি।
শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, রোববার দুপুর ১২টায় তিন বাহিনীর প্রধানদের সঙ্গে সিইসির বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুপুর আড়াইটায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় নির্বাচন কমিশনারদের পাশাপাশি সেনা, নৌ ও বিমান বাহিনী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভা শেষে তিন বাহিনীর প্রধান, পুলিশ প্রধান এবং নির্বাচন কমিশনাররা যৌথভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবৈধ অস্ত্র উদ্ধার ও যৌথ বাহিনীর কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে ব্রিফিং করবেন।
সভায় নির্বাচন-পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম, প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য প্রণীত আচরণবিধি ২০২৫ অনুযায়ী আচরণবিধি প্রতিপালন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনার কথা রয়েছে।