খালেদা জিয়া চিকিৎসা নিতে সক্ষম: ব্যক্তিগত চিকিৎসক

image 183

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে সক্ষম রয়েছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের সামনে ব্রিফিংয়ে তিনি জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে।

দীর্ঘদিন ধরে সাবেক প্রধানমন্ত্রী বিভিন্ন দীর্ঘস্থায়ী স্বাস্থ্য জটিলতায় ভুগছেন, যার মধ্যে রয়েছে লিভার ও কিডনির সমস্যা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এবং সংক্রমণজনিত সমস্যা। বাসায় অবস্থানকালে শ্বাসকষ্ট, কাশি ও জ্বর বেড়ে যাওয়ায় ২৩ নভেম্বর তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর ফুসফুস, হৃদযন্ত্র ও কিডনির অবনতি দেখা গেলে তাকে কেবিন থেকে দ্রুত ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।

২৭ নভেম্বর তার একিউট প্যানক্রিয়াটাইটিস ধরা পড়ে, যার চিকিৎসা এখনও চলছে। শরীরে গুরুতর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাল সংক্রমণ শনাক্ত হওয়ায় শক্তিশালী অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসা দেওয়া হচ্ছে। কিডনির কার্যক্ষমতা বন্ধ হওয়ায় ডায়ালাইসিস শুরু হয়েছে এবং তা এখনও নিয়মিত চলছে। এছাড়া পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও ডিআইসি জটিলতার কারণে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে।

নিয়মিত ইকোকার্ডিওগ্রাম পরীক্ষায় অ্যাওর্টিক ভাল্ভে সমস্যা ধরা পড়ায় ‘টিইই’ পরীক্ষায় ইনফেকটিভ এন্ডোকার্ডাইটিস শনাক্ত করা হয়েছে। এরপর আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা শুরু করেছেন মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

দেশি ও বিদেশি বিভিন্ন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিদিন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে।