মরক্কোয় আকস্মিক বন্যায় ৩৭ জনের মৃত্যু

image 167

মরক্কোর আটলান্টিক উপকূলবর্তী প্রদেশ সাফিতে টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের প্রাণহানি ঘটেছে।

সোমবার (১৪ ডিসেম্বর) মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘2M’ এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাজধানী রাবাত থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত সাফিতে রাস্তা বেয়ে কাদা ও পানির প্রবল স্রোত বয়ে যাচ্ছে, যা গাড়ি ও ময়লার বাক্স ভাসিয়ে নিয়ে গেছে।

কর্তৃপক্ষ জানায়, ঐতিহাসিক পুরোনো শহর এলাকায় অন্তত ৭০টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। এ ঘটনায় আরও ৩২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কেউ হাসপাতালে ভর্তি রয়েছেন, আবার কেউ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আটলান্টিক উপকূলীয় এই বন্দরনগরীতে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিভিন্ন পথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা হামজা চাদৌনি এএফপিকে বলেন, ‘এটি একটি কালো দিন।’ তবে সন্ধ্যার দিকে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করে।

এদিকে মরক্কোর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবারও দেশজুড়ে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাবে মরক্কো টানা সপ্তম বছরের মতো তীব্র খরার মুখে রয়েছে। তবে এর আগেও দেশটিতে আকস্মিক বন্যা ও চরম আবহাওয়াজনিত দুর্যোগ দেখা গেছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তরের জেনারেল ডিরেক্টরেট (ডিজিএম) জানায়, ২০২৪ সাল মরক্কোর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর ছিল। সে বছর গড় বৃষ্টিপাতের ঘাটতি ছিল প্রায় ২৪.৭ শতাংশ।