হাদির সিটি স্ক্যান সম্পন্ন: মেডিকেল বোর্ডের তথ্য

image 151

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার বিস্তারিত পর্যালোচনা করেছে তার চিকিৎসা সংক্রান্ত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো বার্তায় বোর্ড এই তথ্য জানায়।

বার্তায় বলা হয়েছে, সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে হাদির মস্তিষ্কের ফোলা আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক ক্লিনিক্যাল পরিস্থিতি নির্দেশ করে। ব্রেন স্টেমে আঘাত এবং মস্তিষ্ক অতিরিক্ত ফুলে যাওয়ায় রক্তচাপের ওঠানামা বেড়েছে এবং হার্টবিট স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট চলমান রয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তবে তার ফুসফুসের কার্যকারিতা এবং মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউব সচল রয়েছে এবং কিডনির কার্যক্ষমতাও বজায় আছে। ক্রিয়েটিনিনের মাত্রা আগের তুলনায় কমে গেছে। তবে ব্রেন ইনজুরির কারণে শরীরের কিছু হরমোনগত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যা প্রতি ঘণ্টায় ইউরিন উৎপাদনে প্রভাব ফেলছে। এজন্য এসিড-বেস ব্যালেন্স, ফ্লুইড এবং ইলেক্ট্রোলাইটের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসা চালানো হচ্ছে।

রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্য নিয়ন্ত্রণে আছে এবং ব্লাড সুগারও সতর্কভাবে মনিটর করা হচ্ছে। মেডিকেল বোর্ড অপ্রয়োজনীয় হাসপাতালে ভিড় এড়াতে এবং অনুমানভিত্তিক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

হাদির চিকিৎসার প্রাইমারি কনসালটেন্ট ডা. আলিউজ্জামান জোয়ার্দার, আইসিইউ কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল এবং সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এভারকেয়ার হাসপাতালের ডিএমএস ডা. আরিফ মাহমুদ।

মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন:

  1. ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর – সিনিয়র কনসালটেন্ট, নিউরো অ্যানেস্থেশিয়া ও আইসিইউ
  2. ডা. লুতফুল আজিজ – সিনিয়র কনসালটেন্ট, অ্যানেস্থেশিয়া ও পেইন মেডিসিন
  3. ডা. জিল্লুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি
  4. ডা. এ. কে. এম. রেজা – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
  5. ডা. মাসুম কামাল খান – সিনিয়র কনসালটেন্ট, নেফ্রোলজি
  6. ডা. জিয়াউল হক – সিনিয়র কনসালটেন্ট, রেসপিরেটরি মেডিসিন
  7. ডা. খন্দকার মাহবুবুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
  8. ডা. এস. এম. হাসান শাহরিয়ার – সিনিয়র কনসালটেন্ট, নিউরোমেডিসিন
  9. ডা. জুলফিকার হায়দার – সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওথোরাসিক সার্জারি
  10. ডা. শাহিনুর রহমান – সিনিয়র কনসালটেন্ট, বক্ষব্যাধি সার্জারি
  11. ডা. আতিয়ার রহমান – সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স
  12. ডা. একরাম উদ্দৌলা – সিনিয়র কনসালটেন্ট, নাক-কান-গলা
  13. ডা. কাজী স্মিতা হক – কনসালটেন্ট, হেমাটোলজি

মেডিকেল বোর্ড সর্বোচ্চ পেশাদারিত্ব, আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে হাদির চিকিৎসায় সর্বোত্তম ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও মেডিকেল বোর্ড সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত।