
রাজশাহীর তানোরে নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে অবশেষে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত ৯টার দিকে প্রায় ৫০ ফুট গভীর মাটির গর্ত থেকে তাকে উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
উদ্ধারকাজে অংশ নেওয়া এসকেভেটরচালক সময় টিভিকে জানান, খনন চালিয়ে প্রায় ৫০ ফুট নিচ থেকে সাজিদকে তুলে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মীরা বলেন, তাকে অচেতন অবস্থায় পাওয়া গেলেও খড় ও নরম মাটির কারণে তার শরীরে বড় ধরনের কোনো আঘাত ছিল না। এ কারণেই তার বেঁচে থাকার ব্যাপারে তারা আশাবাদী।
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মা ও ভাইয়ের সাথে বাড়ির পাশের একটি খড়-ঢাকা জমি পার হওয়ার সময় সাজিদ হঠাৎই নিচে লুকানো অরক্ষিত নলকূপের গর্তে পড়ে যায়। পেছন থেকে ‘মা মা’ চিৎকার শুনে মা ফিরে এসে খোঁজ করেন, খড় সরাতেই ফুটে ওঠে গভীর গর্তের মুখ।
স্থানীয়রা জানান, গত বছর একজন ব্যক্তি এখানে গভীর নলকূপ বসানোর চেষ্টা করেছিলেন। কিন্তু ১২০ ফুট নিচেও পানি না পাওয়ায় গর্তটি মুখ খোলা অবস্থায় ফেলে রাখা হয়। বর্ষার পানিতে গর্তের মুখ আরও বড় হয়। কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ তাদের।
ঘটনাস্থলে হাজারো মানুষ ভিড় করেন। গর্তের পাশে নির্ঘুম রাত কাটান শিশুটির মা—সন্তানকে ফিরে পাওয়ার আশায় চলতে থাকে অশ্রু ও প্রার্থনা।