
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরস্থ এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
ঘোষিত তালিকায় আছেন—ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম, ঢাকা-১৮-এ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯-এ তাসনিম জারা, রংপুর-৪-এ আখতার হোসেন, পঞ্চগড়-১-এ সার্জিস আলম, কুমিল্লা-৪-এ হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬-এ আব্দুল হান্নান মাসউদ এবং নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার।
সংবাদ সম্মেলনে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে জড়িত কেউ এনসিপির মনোনয়ন পেলেও তাদের প্রার্থীতা বাতিল করা হবে।
তিনি আরও জানান, বিএনপি–জামাতের বিদ্রোহী হলেও যারা সংস্কারের পক্ষে, তাদের দ্বিতীয় ধাপে এনসিপির প্রার্থী করা হতে পারে। শিগগিরই পরবর্তী তালিকা প্রকাশ করা হবে।