মা-মেয়ে হত্যা: বোরকা পরে ঢুকে, স্কুল ড্রেসে বের হওয়া গৃহকর্মী

image 95

রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরের দিকে ঘটনাস্থল থেকে লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নাফিজা লাওয়াল বিনতে আজিজের (১৫) মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, নতুন গৃহকর্মী আয়েশা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।

সোমবার সকাল ৭টা ৫২ মিনিটের সিসিটিভি ফুটেজে দেখা যায়—কালো বোরকা পরে বাসায় ঢুকছেন আয়েশা। পরে সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান তিনি। পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে তদন্ত শুরু করেছে এবং আয়েশাকে খুঁজছে।

নিহতের স্বামী আজিজুল জানান, সকাল ১১টার পর বাসায় ঢুকে স্ত্রী ও মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি। বাসার মেঝে ও দেয়ালেও রক্ত ছড়িয়ে ছিল। আশপাশের বাসিন্দারা জানান, নবম শ্রেণির শিক্ষার্থী নাফিজা পড়তো মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে এবং সোমবার ছিল তার শেষ পরীক্ষা। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।

তেজগাঁও জোনের ডিসি ইবনে মিজান বলেন, পুলিশ পৌঁছানোর আগেই নাফিজাকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লায়লা আফরোজের মরদেহ পুলিশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গৃহকর্মী আয়েশা চার দিন আগে ওই বাসায় কাজে যোগ দেন। তিনি বিহারী ক্যাম্পে থাকতেন; তার সম্পর্কে পরিবারের কাছে তেমন কোনো তথ্যও ছিল না।