গাজীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন বিরোধে সংঘর্ষে আহত ১০

image 87

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে (কালিয়াকৈর ও গাজীপুর সিটির একাংশ) বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি নির্বাচনী প্রচার অফিস ভাঙচুর করা হয় এবং মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

রোববার (৭ ডিসেম্বর) মনোনয়ন না পাওয়া জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক সিদ্দিকীর সমর্থকরা বিকেলে বিক্ষোভ মিছিলের আহ্বান জানান। মিছিলের প্রস্তুতিকালে প্রতিপক্ষ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ১০ জন আহত হন এবং অন্তত ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ইশরাক সিদ্দিকী দাবি করেন, বিএনপির মনোনীত প্রার্থী মজিবুর রহমানের অনুসারীরাই হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংঘর্ষের পর পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।