
আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)কে সামনে রেখে দলে শক্তি বাড়াচ্ছে রংপুর রাইডার্স। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে এবার দলে যোগ দিয়েছেন ইংল্যান্ডের অভিজ্ঞ টপ অর্ডার ব্যাটার ডেভিড মালান। শনিবার (৬ ডিসেম্বর) রংপুর রাইডার্সের ভেরিফায়েড ফেসবুক পেজে এ খবর নিশ্চিত করা হয়েছে।
বিপিএলের সর্বশেষ আসরে মালান ফরচুন বরিশালের জার্সিতে খেলেছেন। যদিও তখন তিনি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, মাঠে তার ধ্বংসাত্মক ব্যাটিং ক্ষমতা একাধিকবার প্রমাণিত হয়েছে। রংপুর টিম ম্যানেজমেন্ট আশা করছে, মালানের অন্তর্ভুক্তি দলের টপ অর্ডারকে আরও স্থিতিশীলতা এবং শক্তি যোগ করবে।
মালানের পাশাপাশি দলে সরাসরি চুক্তি করা হয়েছে কাইল মেয়ার্স, ইফতিখার আহমেদ ও ফাহিম আশরাফের মতো তারকা ক্রিকেটারদের সঙ্গে। তবে ফাহিম পুরো মৌসুম খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।
এর আগে নিলামের আগে খাওয়াজা নাফে ও সুফিয়ান মুকিমকে দলে ভেড়িয়েছে রংপুর। নিলামের মাধ্যমে দলে যুক্ত হয়েছেন এমিলিও গে ও মোহাম্মদ আখলাক।