
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার নির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি টেলিফোনে সময় সংবাদকে এ তথ্য জানান।
তফসিল ঘোষণার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে প্রশ্ন করলে ইসি সচিব বলেন, “কে এই তথ্য দিয়েছে আমি জানি না। তফসিলের তারিখ কে দিয়েছে, তা-ও আমি জানি না। ভোটের তারিখও আমি জানি না। কেউ যদি সংবাদ প্রকাশ করে থাকে, তা হয়তো ব্যক্তিগত মতামলের সঙ্গে মিশিয়ে দিয়েছে।”
১০ ডিসেম্বর তফসিল ঘোষণা হবে কি না জানতে চাইলে তিনি স্পষ্ট করে জানান, “এখন পর্যন্ত তফসিল ও ভোটের তারিখ সংক্রান্ত কোনো তথ্য কনফার্ম হয়নি। অনেক আলোচনা ও বিভিন্ন ধরনের অনুমান আছে, তবে কমিশন লেভেলে কোনো কিছু নিশ্চিত করা হয়নি।”
আখতার আহমেদ আরও বলেন, “দিন, সময় ও তারিখ নিয়ে বিভিন্ন আলোচনা হয়েছে, কিন্তু তা নির্দিষ্ট করা হয়নি। কেউ যদি সংবাদ প্রকাশ করে, তা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, যা ঠিক নয়।”
ইসি সচিব দায়িত্ব নিয়ে মন্তব্য করে বলেন, “আপনি আমাকে কোট করেই বলুন, এখন পর্যন্ত কমিশন থেকে কোনো তথ্য দেওয়া হয়নি। বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়।”