
অবশেষে আরও দুই নতুন রাজনৈতিক দল নিবন্ধন পেতে যাচ্ছে নির্বাচন কমিশনের (ইসি)। নিবন্ধনের দাবিতে ইসির সামনে টানা ১৩৪ ঘণ্টা অনশন করা তারেক রহমানের নেতৃত্বাধীন আমজনতার দল এবং অপর দল জনতার দল—এই দুটি দলকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে চলেছে কমিশন।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে ইসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, কয়েক ধাপের তদন্ত ও পুনঃতদন্ত শেষে দল দুটির জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমের অস্তিত্ব নিশ্চিত হওয়া গেছে। নিবন্ধনের সব শর্ত পূরণ করায় তাদের নিবন্ধন দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে নতুন দুটি দল—এনসিপি ও জাতীয় সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)—ইসির নিবন্ধন পেয়েছিল।
সূত্র আরও জানায়, দল দুটির বিষয়ে কারও আপত্তি আছে কি না তা যাচাই করতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নিবন্ধন সংক্রান্ত নথি কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে। অনুমোদন মিললে শুক্রবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।