
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরছেন: মির্জা ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৫ আগস্ট) রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “তারেক রহমানকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় দেশ থেকে নির্বাসিত করা হয়েছিল। তিনি আন্দোলনে সম্পূর্ণ সহায়তা করেছেন। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে, ইনশাআল্লাহ আমরা সফল হব।”
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এবং রাজনৈতিক কারণে আটক থাকা ব্যক্তিদের মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল, ছাত্র ও জনগণ একসঙ্গে কাজ করবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, “বড় সাফল্যের পর এখন সংযমই প্রধান। কাউকে আক্রমণ করা যাবে না, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি করা যাবে না। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।”
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “দুর্বৃত্তরা যেন সুযোগ না পায়—সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”