
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি পরিদর্শন করেছেন স্থানীয় জামায়াত নেতারা। রোববার (৩০ নভেম্বর) বিকেলে ফরিদপুর-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হুসাইনের নেতৃত্বে দলীয় নেতারা গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে মাওলানা সোহরাব হুসাইন বলেন, জামায়াত ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে জননিরাপত্তা নিশ্চিত হবে। তিনি অভিযোগ করে বলেন, ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বিএনপি নিজেরাই দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। নিজেদের দলের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আসবাবপত্র ভাঙচুর করেছে—এটি রাজনীতি নয়, বর্বরতা।
এসময় সালথা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, নায়েবে আমির আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী, গট্টি ইউনিয়ন জামায়াত সভাপতি তুফাজ্জেল হোসেন ও সেক্রেটারি আব্দুল মান্নানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে গত শনিবার সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত গট্টি ইউনিয়নের বালিয়া বাজার এলাকার তিনটি স্থানে বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ২০টি গ্রামের হাজারো মানুষ অংশ নেন। শতাধিক মানুষ আহত হওয়ার পাশাপাশি অন্তত ১৮টি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।