ভিক্ষুককে ধর্ষণচেষ্টার অভিযোগ বিএনপি কর্মী

image 1

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর বাইশটেকি গ্রামে মধ্যবয়সী এক ভিক্ষুককে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি কর্মী আজিমউদ্দিনের বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর গত চার দিন ধরে বিষয়টি ‘বিচারের আশ্বাস’ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন সোনারগাঁ থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সোহেল রানা।

ভুক্তভোগী ওই নারী গত শনিবার রাতে থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে অভিযোগের পর থেকে অভিযুক্ত আজিমউদ্দিন মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগে ভিক্ষুক নারী জানান, তিনি শ্রবণ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ছয় মাস আগে স্বামী মারা যাওয়ার পর ভিক্ষা করে জীবিকা চালান। গত মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আজিমউদ্দিন কৌশলে তার টিনশেড ঘরে ঢুকে বিভিন্ন অপ্রাসঙ্গিক কথা বলতে থাকেন। একপর্যায়ে তিনি জোরপূর্বক নারীর স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। নারীর চিৎকারে লোকজন ছুটে এলে তিনি পালিয়ে যান।

ঘটনার পর স্থানীয়দের অবহিত করলে সোহেল রানা বিষয়টি ‘মীমাংসার’ আশ্বাস দেন বলে অভিযোগ। তবে তিনি বলেন, “আজিমউদ্দিন আমাদের এলাকার ও দলের কর্মী হলেও কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়নি। পুলিশ এসে নারীকে থানায় নিয়ে গেছে।”

অভিযুক্ত আজিমউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা ব্যর্থ হয়। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা মো. রাশেদুল হাসান খান জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণ করা হবে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চলছে।