
বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি ফেসবুকে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। এ ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল অভিযুক্ত নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।
ভিডিওতে দেখা গেছে, একটি কক্ষে নাহিদকে ইয়াবা সেবনে সহায়তা করছেন একজন অজ্ঞাত ব্যক্তি। তবে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ সংবাদমাধ্যমকে বলেন, “ভিডিও দেখেছি। এ ঘটনায় নাহিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযুক্ত নাহিদের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
কেন্দ্রীয় ছাত্রদলের নোটিশে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার অধীনস্থ সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করতে হবে।”
নোটিশে স্বাক্ষর করেছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।