
টঙ্গীতে জোড় ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছেগাজীপুরের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠে চলমান পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমার তৃতীয় দিনে আরও দুই মুসল্লি ইন্তেকাল করেছেন। এ নিয়ে এবার জোড় ইজতেমায় মোট পাঁচজন মুসল্লির মৃত্যু হলো।
রোববার (৩০ নভেম্বর) সকালে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত দুই মুসল্লি হলেন—
- আবুল আসাদ বাদল (৬২), বাবা আব্দুল জহির, বাড়ি সিলেট সদর উপজেলার ভার্থখোলা এলাকায়।
- মঈন উদ্দিন (১০০), বাবা নাজির উদ্দিন, বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টাপাড়া এলাকায়।
হাবিবুল্লাহ রায়হান জানান, রোববার ভোর পৌনে ৫টার দিকে জোড় ইজতেমা মাঠেই স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন বৃদ্ধ মুসল্লি মঈন উদ্দিন। এর আগে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে আবুল আসাদ বাদলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত শুক্রবার (২৮ নভেম্বর) ফজরের নামাজের পর মাওলানা ওমর ফারুকের আমবয়ানের মধ্য দিয়ে শুরায়ে নেজামের আয়োজনে পাঁচ দিনব্যাপী এই জোড় ইজতেমা শুরু হয়।
আগামী ২ ডিসেম্বর মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।