সাবেক এমপি ডিউক চৌধুরীর ভাই আটক

image 395

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোহাম্মদ আহসানুল হক চৌধুরী (ডিউক চৌধুরী)–এর বড় ভাই লিংকন চৌধুরীকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, সন্ত্রাস দমন আইন এবং নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়া থেকে তাকে আটক করা হয়।

রংপুর রেল ডিআইজি মো. আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার মহাসড়কে পঞ্চগড়ের দেবীগঞ্জগামী একটি বাসে অভিযান চালিয়ে লিংকন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বদরগঞ্জে হামলা ও হত্যাচেষ্টার মামলাসহ ৫ আগস্টের পর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, নাশকতা ও সন্ত্রাস দমন আইনে দায়ের করা বেশ কয়েকটি মামলারও আসামি তিনি। তিনি নিষিদ্ধ যুবলীগ নেতা ও সাবেক এমপি ডিউক চৌধুরীর বড় ভাই।

ডিআইজি আরও জানান, অতীতে বদরগঞ্জসহ রংপুর অঞ্চলে ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন লিংকন চৌধুরী। পাশাপাশি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রংপুর অঞ্চলের অর্থযোগানদাতা সিন্ডিকেটের অন্যতম সদস্য বলেও তাকে চিহ্নিত করা হয়েছে। বগুড়া থেকে তাকে রংপুরে আনার প্রক্রিয়া চলছে।