
পাকিস্তানের প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ আরও বাড়ছে কারাবন্দি ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে। তার বোনরা বহুবার দেখা করার চেষ্টা করলেও অনুমতি পাচ্ছেন না। আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে দাবি উঠেছে— ইমরান খান কারাগারে মারা গেছেন। এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। ফলে উত্তপ্ত হয়ে ওঠে পুরো পাকিস্তান। আদিয়ালা কারাগারঘিরে জড়ো হয়েছেন হাজারো পিটিআই কর্মী ও সমর্থক।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। সম্প্রতি তার সঙ্গে সাক্ষাতে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে শেহবাজ শরিফ সরকার। ইমরান খানের তিন বোন— নরীন খান, আলিমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, টানা তিন সপ্তাহেরও বেশি সময় তাদের ভাইয়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি।
গত মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে তারা দলের নেতাকর্মীদের সঙ্গে কারাগারের সামনে গিয়ে সাক্ষাতের চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। পিটিআই অভিযোগ করেছে, ইমরানের তিন বোনসহ উপস্থিত কর্মীদের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা দাবি করেন, ইমরানের সঙ্গে দেখা করার দাবিই তাদের ‘অপরাধ’ হয়ে দাঁড়িয়েছে। পিটিআই এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
পাঞ্জাব পুলিশের প্রধান উসমান আনোয়ারকে উদ্দেশ্য করে লেখা চিঠিতে ইমরান খানের তিন বোন জানিয়েছেন, কোনো উসকানি ছাড়াই পুলিশ পরিকল্পিত হামলা চালিয়েছে। নরীন খান বলেন, “আমরা শুধু তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেছি। আমরা রাস্তা অবরোধ করিনি কিংবা কোনো বেআইনি কাজও করিনি। কিন্তু কারাগারের সামনে স্ট্রিটলাইট বন্ধ করে হামলা চালানো হয়।”
তিনি আরও বলেন, “আমার বয়স ৭১। আমাকে চুল ধরে টেনে ফেলে মারধর করা হয়েছে। সেখানে থাকা অন্যান্য নারীকেও টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে নির্দয়ভাবে পেটানো হয়েছে।”
পিটিআইয়ের দাবি, সরকার ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে একক কক্ষে আটক রেখেছে। তার আইনজীবীরাও সাক্ষাতের সুযোগ পাচ্ছেন না। আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেন, “এখানে যেন জঙ্গলের শাসন চলছে। যার হাতে ক্ষমতা রয়েছে, কেবল তারই অধিকার আছে।”
তবে কারা কর্তৃপক্ষ এসব গুজব অস্বীকার করেছে। বুধবার (২৬ নভেম্বর) আদিয়ালা কারাগার এক বিবৃতিতে জানিয়েছে, ইমরান খান সুস্থ আছেন এবং নিয়মিত চিকিৎসা সেবা পাচ্ছেন। তার মৃত্যুর গুজব ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে দাবি করেছে তারা।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি ও পাকিস্তান টুডে