শামীম বাদ পড়ায় অধিনায়কের হতাশা

image 372

আগামীকাল বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। তবে জাতীয় দলের মিডলঅর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন পাটোয়ারি দলে নেই। তাকে অন্তর্ভুক্ত না করার কারণে অধিনায়ক লিটন কুমার দাস হতাশা প্রকাশ করেছেন।

বুধবার সংবাদ সম্মেলনে লিটন দাস বলেন, “শামীম থাকলে অবশ্যই ভালো হতো। তবে এটা আমার সিদ্ধান্ত নয়, পুরোপুরি নির্বাচকদের সিদ্ধান্ত। আমি জানি না কেন তাকে বাদ দেওয়া হয়েছে, নির্বাচকরা আমাকে কোনো নোটিশ ছাড়াই বিষয়টি জানিয়েছেন।”

অধিনায়ক আরও যোগ করেন, “আমি আশা করি, যে ১৫ জন খেলোয়াড়ই দলে থাকবে তারা ভালো খেলবে। তবে শামীমকে বাদ দেওয়ার কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। ও থাকলে দলের জন্য ভালো হতো।”

লিটন বলেন, “সিলেকশন প্যানেল ও বোর্ড আমাকে জানিয়েছে, যে দল দেওয়া হবে সেই দল নিয়েই আমাকে কাজ করতে হবে। আমি কোনো খেলোয়াড়ের অন্তর্ভুক্তি বা বাদ সম্পর্কে কিছু বলার অবস্থায় নই। এতদিন ভাবতাম অধিনায়করা দলের পরিকল্পনা জানেন, তবে সম্প্রতি বুঝতে পেরেছি, আমার কাজ হলো দেওয়া দলকে ভালো অবস্থায় পরিচালনা করা।”

তিনি আরও বলেন, “আমি বিষয়টিকে অপমানজনক বলব না, তবে হতাশাজনক। প্রত্যেক খেলোয়াড় প্রত্যেক সিরিজে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে পারে না। শামীম গত ২-৩টি সিরিজে অসাধারণ খেলেছে, যা আমাদের জন্য প্রয়োজন ছিল। সে বাদ পড়ায় হতাশা সৃষ্টি হয়েছে, তবে আমরা দলের সাফল্যের জন্য চেষ্টা চালিয়ে যাব।”