ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বৃদ্ধি, বেড ও ওষুধ সংকট

image 360

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ বৃদ্ধি, বেড ও ওষুধ সংকট

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে মাত্র ২০টি বেড থাকা সত্ত্বেও বর্তমানে ৮৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এর ফলে বেড সংকট চরমে পৌঁছেছে এবং অনেক রোগীকে করিডোর, বেডের পাশে বা ফ্লোরে গাদাগাদি করে থাকতে হচ্ছে।

ওয়ার্ডে দুইজন কনসালট্যান্টসহ শিশুরোগ ও মেডিসিন বিভাগের মোট ৮ জন চিকিৎসক দিন-রাত চাপের মধ্যে থেকে সেবা দিচ্ছেন। চিকিৎসকরা আশঙ্কা করছেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া রোগীর সংখ্যা আরও বেড়ে বিভাগে চাপ আরও বাড়বে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, অনেক প্রয়োজনীয় ওষুধ হাসপাতালে না থাকায় রোগীদের তা বাইরে থেকে কিনতে হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের জন্য অতিরিক্ত ভোগান্তি সৃষ্টি করছে। বেড সংকট সামলাতে চিকিৎসক ও নার্সদের কঠোর পরিশ্রম করতে হচ্ছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আকতার হোসাইন বলেন, “শিশুদের ডায়রিয়া রোগের সংখ্যা অনেক বেশি। চাপ সামাল দেওয়া কঠিন, তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, “ওষুধের সাপ্লাই পর্যাপ্ত রয়েছে, তবে কিছু আইটেমের ঘাটতি আছে, যা রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে। শীত বাড়ার সঙ্গে রোগীর চাপ আরও বেড়াবে, আমরা প্রস্তুতি নিচ্ছি।”