
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন।
চিকিৎসক সূত্র জানায়, সোমবার (২৪ নভেম্বর) রাতে তাঁর ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ বেড়ে শ্বাসকষ্ট তীব্র আকার ধারণ করলে জরুরি ভিত্তিতে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। চিকিৎসকদের মতে, পূর্বের হৃদরোগের সঙ্গে নতুন করে বুকে সংক্রমণ যুক্ত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় সব পরীক্ষা করা হয় এবং অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়। মেডিকেল বোর্ড জানিয়েছে, আরও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা তিনি বিশেষ পর্যবেক্ষণে থাকবেন।
দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। এই সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় তাঁর শ্বাসকষ্ট বেড়েছে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
বিএনপির একটি সূত্র জানিয়েছে, লন্ডন থেকে তাঁর বড় ছেলে তারেক রহমান ও পুত্রবধূ ডা. জুবাইদা রহমান নিয়মিত খোঁজখবর রাখছেন। ঢাকায় তাঁর পাশে আছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
মেডিকেল বোর্ডের পরামর্শে গত রোববার (২৩ নভেম্বর) রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে বলে আগে থেকেই জানিয়েছিলেন স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন অবস্থানের পর ৬ মে দেশে ফেরার পর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।