
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ বলেছেন, নতুন প্রজন্মকে প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত করলে বাংলাদেশের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হবে না। রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় তিনি এই মন্তব্য নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন।
তিনি ফেসবুকে তিনটি ছবি শেয়ার করেছেন। এর মধ্যে একটি হলো ‘দৈনিক শিক্ষা’ অনলাইন পত্রিকার ছবি, যেখানে লেখা ছিল: “পাঠ্যবই থেকে ৭ মার্চের ভাষণ বাদ, যুক্ত হচ্ছে জুলাই অভ্যুত্থান”। বাকি দুটি ছবি হলো জর্জ অরওয়েলের লেখা Animal Farm ও 1984। সোহেল তাজ এই দুটি বই সবাইকে পড়ার জন্য প্রস্তাব করেছেন।
পোস্টে তিনি উল্লেখ করেন,
“যখন কোনো দল বা গোষ্ঠী ক্ষমতায় বসে ইতিহাস আড়াল করে বা বিকৃতভাবে নতুন ইতিহাস লিখে, তখন নতুন প্রজন্ম বিভ্রান্ত হয়, দেশপ্রেম জাগে না এবং আমরা বারবার দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলার জালে আটকে থাকি। ২০২৪ সালে বাংলাদেশকে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসনের কবল থেকে মুক্ত করেছে, আর ১৯৭১ আমাদের স্বাধীনতা দিয়েছে। সঠিক ও প্রকৃত ইতিহাস জানার অধিকার থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করলে দেশের ভবিষ্যৎ কখনো উজ্জ্বল হবে না।”
তিনি 1984 থেকে উদ্ধৃত করে বলেন,
“Who controls the past controls the future.”
সোহেল তাজ সবাইকে জর্জ অরওয়েলের এই দুটি বই পড়ার জন্য উৎসাহিত করেছেন।