ভূমিকম্প হওয়ার আগে ব্যবহারকারীকে সতর্ক করবে গুগল

image 302

ভূমিকম্পের আগে ব্যবহারকারীদের সতর্ক করার ব্যবস্থা চালু করতে যাচ্ছে গুগল। বৃহস্পতিবার (১৭ জুন) ফিলিপাইনের সংবাদমাধ্যম বিজনেস ওয়ার্ল্ড এ তথ্য জানানো হয়।

চলতি বছরের এপ্রিলে প্রকাশিত এক ব্লগপোস্টে গুগল জানায়, প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগে থেকে সতর্কবার্তা না পেলে অনেকে দুর্ঘটনার শিকার হন। এ কারণে ব্যবহারকারীদের আগে থেকেই জানাতে গুগল চালু করেছে ‘আর্থকুয়েক অ্যালার্ট’ ফিচার। ব্লগপোস্টে আরও বলা হয়, গত বছরের আগস্টে ফিচারটি চালু করা হয় এবং বর্তমানে নিউজিল্যান্ড ও গ্রিসে এটি ব্যবহার করা হচ্ছে। বিশ্বব্যাপী চালু হলে ফিচারটি আরও জনপ্রিয়তা পাবে বলে আশা করা হচ্ছে।

গুগলের ফিলিপাইন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর বার্নাডেট নাকারিও বলেন, ফিলিপাইনে খুব শিগগিরই এই ফিচার চালু করা হবে। দেশটিতে গুগলের পণ্য ও সেবার বিস্তার ঘটানোই এর মূল লক্ষ্য।