
ডিসেম্বরের প্রথম সপ্তাহেই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকায় ফিরে মায়ের বাড়ির পাশেই অবস্থান নেবেন তিনি। গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটিকে তাঁর থাকার উপযোগী করে প্রস্তুত করা হচ্ছে—বাড়ির ভেতর-বাইরে চলছে রং করা, সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, গুলশানের ওই বাড়িটি খালেদা জিয়ার বাসার ঠিক পাশেই। নিরাপত্তা বাড়াতে সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনী, পাশাপাশি ধোয়া–মোছা ও প্রয়োজনীয় রংয়ের কাজ করা হচ্ছে।
স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন, দেড় বিঘা জায়গাজুড়ে নির্মিত বাড়িটি বিচারপতি আবদুস সাত্তার সরকারের সময় খালেদা জিয়ার নামে বরাদ্দ পাওয়া। সম্প্রতি বাড়িটির নামজারি হয়েছে তারেক রহমানের নামে। তিন বেডরুম, ড্রইং-ডাইনিং, লিভিং রুম, সুইমিং পুলসহ আধুনিক সব সুবিধাই রয়েছে সেখানে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, আর প্রধান ফটকের পাশে তৈরি করা হয়েছে একটি চেকপোস্ট।
এর পাশাপাশি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ও নতুনভাবে সাজানো হচ্ছে। দেশে ফিরে মা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় থেকেই দল পরিচালনা করবেন তারেক রহমান।