
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় রোববার (১৬ নভেম্বর) রাত আড়াইটার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহীদ রফিক সড়কের দেওয়ান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত শাখাটিতে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ নথিপত্র, কম্পিউটার, ইলেকট্রনিক ডিভাইসসহ আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুন লাগার পরপরই ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে তারা ব্যাংক কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে সিংগাইর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যাংক সূত্র জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে নথি-পত্র, কম্পিউটার ও আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. রমজান আলী বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও সরঞ্জাম পুড়ে যায়। ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা।’
সিংগাইর ফায়ার স্টেশনের ইনচার্জ মো. মহিবুর রহমান বলেন, ‘দুটি ইউনিট দ্রুত কাজ শুরু করায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই কারণ মনে হচ্ছে। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।’