
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান জানান, এখন পর্যন্ত ২০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাকির রাব্বানী বলেন, দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।