
২০২৬ সালের রোজা শেষে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানিয়েছেন আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞানীরা। সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
তিনি জানান, ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় ১৪৪৭ হিজরির রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেদিন খালি চোখে চাঁদ দেখা কঠিন হতে পারে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি। এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার আভাস থাকায় আরব আমিরাতে সরকারি ছুটি আরও একটি দিন বাড়তে পারে।
রমজান ৩০ দিন হলে, ইউএই–র সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী রমজানের ৩০তম দিনটিও ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে। ফলে ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রোববার) পর্যন্ত চার দিনের ছুটি মিলতে পারে। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে স্বাভাবিক কর্মদিবস শুরু হবে। তবে সবকিছুই চাঁদ দেখার ওপর নির্ভর করবে, যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে ইউএই মুন-সাইটিং কমিটি।
গালফ নিউজের ১৫ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় আবেগ-অনুভূতির কারণে চাঁদ দেখার আগে আরব আমিরাত রাষ্ট্রীয়ভাবে ঈদের তারিখ নিশ্চিত করে না।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এক দিন পর সাধারণত বাংলাদেশে চাঁদ দেখা যায়। সে অনুযায়ী বাংলাদেশে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে পাঁচ দিনের ছুটি থাকতে পারে—ঈদের আগে দুই দিন, ঈদের দিন এবং পরে দুই দিন। সম্ভাব্য ছুটির সময় ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে দেশে চাঁদ দেখার ওপর।