আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন।

image 214

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম গ্রেফতার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাজু। হিরো আলমের স্ত্রী রিয়া মনির দায়ের করা মামলায় শনিবার (১৫ নভেম্বর) দুপুরে হাতিরঝিল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তাকে আজ আদালতে হাজির করা হবে।

এর আগে রিয়া মনির মামলায় হিরো আলম ও তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। জামিনের শর্ত ভঙ্গ করায় এই পরোয়ানা জারি করা হয়। গত বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

মামলার বাদী রিয়া মনির আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী জানান, হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় হিরো আলম জামিনে ছিলেন। কিন্তু তিনি জামিনের কোনো শর্তই মানেননি। এজন্য রিয়া মনির পক্ষ থেকে জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, গত ২৩ জুন দায়ের করা মামলায় বলা হয়, দাম্পত্য কলহের জেরে হিরো আলম স্ত্রী রিয়া মনিকে বাসা থেকে বের করে দেন। পরে পুনর্মিলনী আলোচনার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেন। সেখানে অজ্ঞাতনামা ১০–১২ জনের সঙ্গে মিলে রিয়া মনিকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। পাশাপাশি তার গলার স্বর্ণের চেইনও নিয়ে যায় অভিযুক্তরা।