
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত খতমে নবুওয়ত মহাসম্মেলনে দেশ ও বিদেশের প্রখ্যাত আলেম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও এ আয়োজনে অংশগ্রহণ করেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় সম্মেলন শুরু হলেও, বেলা ১১টার দিকে মঞ্চে উপস্থিত হন তিন রাজনৈতিক দলের শীর্ষ নেতা। প্রথমে মঞ্চে আসেন হেফাজতে ইসলামের আমির হযরত শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মাওলানা রেজাউল করিম (চরমোনাই পীর) মঞ্চে উপস্থিত হন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও সম্মেলনে উপস্থিত ছিলেন।
সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবিতে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।
বিদেশি অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন—জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দ (ভারত)-এর সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।