ভাষণের মাধ্যমে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ সালাহউদ্দিনের

image 195

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন যে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ ধারণাটি সম্পূর্ণ নতুন। এই বিষয়টি ঐকমত্য কমিশনের আলোচনায় ছিল না।”

এর আগে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ আদেশে কিছু গুরুত্বপূর্ণ বিধান গৃহীত হয়েছে। এর মধ্যে রয়েছে সংবিধানসংক্রান্ত সংস্কার প্রস্তাবের ওপর গণভোট এবং পরবর্তীতে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠন।

তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট ‘হ্যাঁ’ হলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই পরিষদ গঠন করা হবে, যারা একই সঙ্গে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, পরিষদ প্রথম অধিবেশন শুরু হওয়ার ১৮০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার সম্পন্ন করবে এবং ৩০ কার্যদিবসের মধ্যে নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত থাকবে।

এছাড়া তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপি দীর্ঘদিন ধরে একই দিনে নির্বাচন ও গণভোটের দাবি জানিয়ে আসছিল, যদিও জামায়াতসহ আটটি রাজনৈতিক দল নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছিল।