
মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের একটি দল মোতায়েন করেছে জার্মানি। জেরুজালেমে অবস্থানরত এই দলটি ফিলিস্তিনের স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট। বুধবার (১২ নভেম্বর) এ তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।
ডব্রিন্ডট দেশটির সংবাদমাধ্যম ডিপিএ-কে বলেন, “মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য একটি দক্ষ ও কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য।” এ কারণেই জার্মান ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জেরুজালেমে অবস্থিত অফিস ফর সিকিউরিটি (ওএসসি)-এর অধীনে কাজ করা কর্মকর্তারা ফিলিস্তিনের স্থানীয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করছেন। চার সদস্যের এই দলটি প্রায় দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছেছে।
ডব্রিন্ডট জানান, এই দলের মূল লক্ষ্য হলো ফিলিস্তিনের বেসামরিক নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জার্মানির দীর্ঘদিনের সহায়তা কর্মসূচি আরও সম্প্রসারণ করা। তিনি বলেন, “গত ১৫ বছরেরও বেশি সময় ধরে জার্মান পুলিশ ফিলিস্তিনি বাহিনীর দক্ষতা উন্নয়নে কাজ করছে। নতুন এই মিশন সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।”