
গাজীপুর-৬ আসনের পুনর্বহালের দাবিতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র জ্যাম সৃষ্টি হয়েছে, সাধারণ পথচারীরা ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে টঙ্গীর চেরাগ আলী, কলেজ গেট ও এরশাদনগর এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। তাদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন এবং প্রতিবাদের লিফলেট দেখা গেছে।
প্রথমে তারা মহাসড়কের পাশে মানববন্ধন করেন এবং পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন। অবরোধ বেলা ১১টা পর্যন্ত চলছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, “গাজীপুর-৬ আসন পুনর্বহালের দাবিতে বিপুলসংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করেছেন। আমরা নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
এদিকে একই দাবিতে জামায়াতে ইসলামীও টঙ্গী গাজীপুর এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
সম্প্রতি গাজীপুর জেলার জাতীয় সংসদীয় আসন সংখ্যা ৫টি থেকে ৬টি করা হয়েছিল। পরে হাইকোর্টের রিটের মাধ্যমে আসন সংখ্যা আবার ৫টি বহাল রাখা হয়। এ কারণে ৬-আসনের সুবিধাভোগীরা নিজেদের সুযোগ বঞ্চিত মনে করছেন। এই ধারনাই আজকের মহাসড়ক অবরোধের মূল কারণ।
অন্যদিকে একই দাবিতে গাজীপুর-৬ আসনের নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা টঙ্গীর এশিয়া পাম্পের সামনে পৃথক মানববন্ধনও করছেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোড এবং আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।