
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর ফলে এ মাসে চট্টগ্রাম, সিলেট, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভাগে তিন থেকে ছয় দিন পর্যন্ত বৃষ্টি হতে পারে।
সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বর মাসেই দেশের বিভিন্ন এলাকায় ও নদী অববাহিকায় কুয়াশা পড়তে পারে। এ মাসে সার্বিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও খুলনা বিভাগে চার থেকে পাঁচ দিন, ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিন থেকে চার দিন এবং বরিশাল বিভাগে পাঁচ থেকে ছয় দিন বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গত অক্টোবর মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ফেনীতে—২১ ও ২২ অক্টোবর সেখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, নভেম্বরে দেশের কোথাও কোথাও ও নদী অববাহিকায় ভোর থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে দেশের প্রধান নদনদীগুলোর স্বাভাবিক প্রবাহ বজায় থাকবে বলে আশা করা হচ্ছে।