গ্যাস ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত

image 154

গোপালগঞ্জের টেকেরহাট সড়কের গান্ধিয়াসুর এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (১০ নভেম্বর) মধ্যরাতে খুলনা-বরিশাল মহাসড়কের গান্ধিয়াসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক আফজাল হোসেন।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ইউনিয়নের ডালনিয়া গ্রামের সতীশ চন্দ্র ভট্টাচার্যের ছেলে সরোজ ভট্টাচার্য (৬০) ও একই গ্রামের ত্রিনাথ বিশ্বাসের ছেলে মোটরসাইকেলচালক বিজয় বিশ্বাস (২২)।

পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে সরোজ ভট্টাচার্য ও বিজয় বিশ্বাস বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই বিজয় বিশ্বাস মারা যান এবং গুরুতর আহত সরোজ ভট্টাচার্যকে স্থানীয়রা উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে গোপালগঞ্জ ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।