
রাজবাড়ীতে আলোচিত গৃহস্থ আব্দুল ছাত্তার মৃধা হত্যা মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে মামলার তিন আসামি খালাস পেয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক অশোক কুমার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সাইদ মৃধা, মনিরুল শেখ, আশরাফুল শেখ, আছাদ শেখ, দিলু মৃধা, তোফাজ্জেল ওরফে তোফা, মাহাতাব শেখ, মিরাজ মৃধা ও ঠান্ডু মৃধা। রায় ঘোষণার সময় সবাই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুন ঈদের দিন সকালে জমি নিয়ে বিরোধের জেরে রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মালঞ্চি গ্রামে আব্দুল ছাত্তার মৃধাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। হত্যাকাণ্ডে তার ভাই মিরাজ মৃধা, ভাতিজা সাইদ মৃধাসহ সহযোগীরা জড়িত ছিলেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রাশিদা পারভীন পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।