
২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় ‘নিষ্ক্রিয়’ থাকার জন্য বিএনপিকে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ইসলামি দলগুলোর মধ্যে সুন্নিরা লীগ হেফাজতের পাশে ছিল, কিন্তু হেফাজত বিএনপির সঙ্গে ছিল। হেফাজতের শাপলা চত্বরে যখন লাশ পড়ছিল, তখন বিএনপির কাউকে উঁকি মারতেও দেখা যায়নি। তিনি আরও বলেন, “শাপলায় আমার আলেম ভাইয়েরা শহীদ হয়েছেন, আর বিএনপির নেতাকর্মীরা তখন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে গুলশানে বসে ব্যাংকের ভাগ-বাটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদের এটা বুঝতে হবে।”
রোববার (৯ নভেম্বর) রাতে সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে ‘জুলাই সনদ বাস্তবায়ন পথরেখা’ শীর্ষক আলোচনাসভায় নাসীরুদ্দীন পাটোয়ারী এসব কথা বলেন। এই অনুষ্ঠান আয়োজন করা হয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের (এনএলএ) আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে।
‘মদিনা ও মওদুদীর ইসলাম’ নিয়ে সাম্প্রতিক আলোচনার প্রেক্ষিতে তিনি বলেন, নতুন করে তারা জামায়াতের ইসলামকে মওদুদীর ইসলাম বলে উপস্থাপন করছে, যেখানে আমাদের ইসলাম মদিনার ইসলাম। মদীনার ইসলাম শান্তিপূর্ণ সমাজের শিক্ষা দেয়। নাসীরুদ্দীন বলেন, মদিনার ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হলে জুলাই সনদের সঙ্গে মিল খুঁজে দেখতে হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, কওমি আলেমদের সঙ্গে জামায়াতের দীর্ঘদিনের বিরোধের একটি কারণ হলো নবী এবং সাহাবায়ে কেরামের সত্যের মানদণ্ড। “আমরা এই মানদণ্ড মেনে চলি, তাই হেফাজত এনসিপির সঙ্গে আসুক। আমাদের সঙ্গে কেন আসে না? ইসলামের নামে কতগুলো ব্যানার খুলে ইসলামকে বাংলাদেশে অবমাননা করা হচ্ছে। আলেমদের এসব বিষয়ে সতর্ক হতে হবে।”
তিনি আরও বলেন, জামায়াত ইসলামিক ব্লক গড়ায়, আর হেফাজতের আলেমদের ট্যাবলেট খাওয়ানো হচ্ছে যেন ইসলামের নামে নতুনভাবে ধানের শীষে ভোট দেয়। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “এই বাংলাদেশে আমরা রক্ত দিতে এসেছি। আমরা দুর্নীতির টাকায় নির্বাচন করতে যাব না। আমরা জনগণের মধ্য থেকে এসেছি এবং জনগণের মধ্যেই ফিরে যাব। অনেকেই বলে এনসিসি চাঁদাবাজি করে। তবে যদি এদের সকল চাঁদাবাজির টাকা একত্র করা হয়, তা বাংলাদেশের উন্নত রাষ্ট্র গঠনে ব্যবহার করা যেতে পারে।”
সভায় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল ল’ ইয়ার্স অ্যালায়েন্সের আহ্বায়ক এস. এম. আজমল হোসেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাবেদ রাসিন এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার প্রমুখ।