
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক তরুণীকে মাইক্রোবাসে তুলে ধর্ষণের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম।
ওসি জানান, গত শুক্রবার দুপুরে জালকুড়ি দশপাইপ এলাকায় মাইক্রোবাসের ভেতরে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ আছে।
মামলায় অভিযুক্তরা হলেন—মো. শফিক (২৪), সাইদুল ইসলাম (৫৯), নাজমুল হোসেন (২১), শামসু মিয়া (২৮), ফয়সাল আহমেদ (২৪) এবং রাশেদ মিয়া (২২)। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বাদীর গ্রামের পুরোনো পরিচিত। ২০১৭ সালে বাদীর মা ২০ শতাংশ জমি বন্ধক রেখে আসামি শফিকের কাছ থেকে চার লাখ টাকা ঋণ নেন এবং এর বিপরীতে স্ট্যাম্পে স্বাক্ষর করেন। পরবর্তীতে সৌদি আরবে গিয়ে তিনি বিভিন্ন সময়ে ঋণের টাকা পরিশোধ করলেও শফিক স্ট্যাম্প ফেরত দিতে টালবাহানা করতে থাকে। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল এবং সালিসের মাধ্যমেও বিষয়টির সমাধান হয়নি।
গত শুক্রবার সকাল ১১টার দিকে শফিক ফোন করে জানায়, স্ট্যাম্পটি তার বোনের বাসায় আছে এবং ফেরত দিতে চায়। বাদী তার কথামতো মাইক্রোবাসে উঠলে তিনজন আসামি তাকে ধর্ষণ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনূর আলম বলেন, “ধর্ষণের মামলা নেওয়া হয়েছে। ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”