মনোনয়ন না পেয়ে হতাশ বিএনপি নেতা: ‘তারেক রহমানের নামেই ডুবে ছিলাম, আজ কেবল আফসোস’

image 147

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু মনোনয়ন না পাওয়ায় তীব্র ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “খালেদা জিয়া আমার মা, জিয়াউর রহমান আমার বাবার মতো, আর আমাদের নেতা তারেক রহমান আমার ভাই। ৪৩ বছরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের নাম যতবার নিয়েছি, ততবার যদি আল্লাহর নাম নিতাম, তাহলে হয়তো বেহেশতের কাছাকাছি চলে যেতাম।”

রোববার (৯ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মনোনয়ন প্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করে তাইফুল ইসলাম টিপু বলেন, “যদি নারী কোটাতেই মনোনয়ন দিয়ে থাকেন, তাহলে রাজপথে যারা লড়েছেন তাদের দেওয়া উচিত ছিল। অথচ অধিকাংশ মনোনয়ন গেছে এমন নারীদের কাছে যারা কখনো রাজপথে ছিলেন না। আমার জানা মতে, ম্যাডামসহ চারজন ছাড়া বাকিরা ঠিকমতো জিয়াউর রহমানের নাম নেয় কি না তাও সন্দেহ আছে।”

নাটোর-১ আসনে মনোনয়ন পাওয়া প্রার্থীর সমালোচনা করে তিনি বলেন, “দল যাকে লালপুর-বাগাতিপাড়ায় প্রার্থী করেছে, তিনি আসলে এখানকার মানুষই নন, তিনি মাদারীপুরের বাসিন্দা। অথচ আজ লালপুর-বাগাতিপাড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে নিজেদের এলাকার প্রার্থী চায়। আমরা দলের হাইকমান্ডকে অনুরোধ জানাই, তৃণমূলের মতামত বিবেচনা করে বিষয়টি পুনর্মূল্যায়ন করুন।”

তিনি আরও অভিযোগ করেন, “লালপুর-বাগাতিপাড়ায় বিএনপির রাজনীতিতে যার বয়স দুই বছরও নয়, তাকেই মনোনীত করা হয়েছে। মনোনয়নের পর থেকেই আমাদের ছাত্রদল কর্মী জিল্লুরকে রক্তাক্ত করা হয়েছে, অনেক নেতাকর্মীকে হুমকি দেওয়া হচ্ছে। মনে হচ্ছে, বিএনপির প্রকৃত কর্মীদের ভোট হয়তো তাদের আর লাগবে না।”

সমাবেশে সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ গোলাম মোস্তফা নয়ন। উপস্থিত ছিলেন বাগাতিপাড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. শামীম সরকার, সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, ইউনিয়ন বিএনপি নেতা হানিফুর রহমানসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শত শত নেতাকর্মী।

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর জেলার চারটি আসনের মধ্যে তিনটিতে ইতোমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফারজানা শারমিন পুতুলকে দলীয় প্রার্থী করা হয়েছে। এরপর থেকেই মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা তার প্রার্থিতা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন।