মেহেরপুরে পদ্মফুল তুলতে গিয়ে করুণভাবে প্রাণ হারিয়েছে চার স্কুলছাত্রী।
রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রাজনগর গ্রামের মশুরিভাজা বিলে ঘটে এ মর্মান্তিক ঘটনা।
নিহতরা সবাই একই পরিবারের সদস্য। তারা হলো—রাজনগর গ্রামের আবদুল সামাদের দুই মেয়ে আফিয়া খাতুন (১২) ও ফাতেমা খাতুন (১৪), সামাদের বড় ভাই সাহারুল ইসলামের মেয়ে আলিয়া খাতুন (১২), এবং চাচাতো ভাই ইছহাক আলীর মেয়ে মিম আক্তার (১২)। চারজনই স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা গেছে, দুপুরে তারা একসঙ্গে মশুরিভাজা বিলে পদ্মফুল তুলতে গিয়েছিল। কিন্তু বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজে গিয়ে বিলে মিম আক্তারের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে আশপাশের লোকজন এসে পানিতে তলিয়ে থাকা আফিয়া ও ফাতেমাকে উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ আলিয়াকেও মৃত অবস্থায় উদ্ধার করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। চার শিশুর মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।” তিনি আরও জানান, বিষয়টি পুলিশ তদন্ত করছে।
